জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার (১.৯৩ বিলিয়ন), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাসের বাকি দিনগুলোতেও এই গতি বজায় থাকলে, জুলাইয়ের শেষ নাগাদ রেমিট্যান্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরিয়েছে।
এর আগে গত জুন মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের জুন মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ সালের ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
রেমিট্যান্সে এই রেকর্ড প্রবাহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়ক হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এতে ডলারের সরবরাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক লেনদেনেও স্বস্তি ফিরে এসেছে।
ভোরের আকাশ//হ.র