বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ঘরে: বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩০০০০ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০০০০ দশমিক ৮১ মিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (BPM6) অনুসারে এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯৭৭ দশমিক ৭২ মিলিয়ন ডলারে।
এর আগে ২৪ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয় BPM6 পদ্ধতি অনুসারে। এই পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য প্রতিশ্রুতির অঙ্ক বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয়।
ভোরের আকাশ//হ.র