রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে এদিন রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এর আগে গত রোববার গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
গত মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর দেশের রিজার্ভ নেমে গিয়েছিল যথাক্রমে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন এবং ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। তবে রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয়ের বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ মঞ্জুর হওয়ার ফলে জুন শেষে রিজার্ভ আবার বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। তবে পরবর্তীতে ধারাবাহিক পতনে আওয়ামী লীগ সরকার বিদায়ের আগে ২০২৫ সালের জুলাই শেষে রিজার্ভ নেমে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বর্তমান সময়ে অর্থ পাচারে নিয়ন্ত্রণ, হুন্ডি কার্যক্রমে পতন এবং প্রবাসী আয় বৃদ্ধির কারণে ডলারের সরবরাহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৭ শতাংশ। বছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি।
ভোরের আকাশ//হ.র