নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে: মাহদী আমিন

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেলের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এটি এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, সরকারের ঘোষিত ইশতেহারের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করা হয়েছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের উদ্যোগও রয়েছে।
মাহদী আমিন জানান, অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকরা ২০২২ সালের পর থেকে বিভিন্ন কারণে তাঁদের প্রাপ্য অর্থ পাননি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর অর্থের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, কয়েক দিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
এর আগে রোববার নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যের পর এটি কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
ভোরের আকাশ/জেআ