বাংলাদেশ কমার্স ব্যাংক-হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংকিং ও আর্থিক সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
বিসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও এভিয়েশন বিষয়ক ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডং হো কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিসিবিএলের বিভিন্ন বিভাগের প্রধান, ড. মো. আব্দুল্লাহ আল ফারুক এবং রেজওয়ান শোভন এন্ডো কর্পোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় হানসিও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য ব্যাংকিং ও পেমেন্ট সেবা সহজ করা হবে। পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবিএল ও হানসিও বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষাগত, প্রাতিষ্ঠানিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভোরের আকাশ/জেআ