বড় ধরনের বিপর্যয় থেকে অর্থনীতি রক্ষা পেয়েছে: সিপিডি
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের সংকট থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
ফাহমিদা খাতুন বলেন, বড় এক ধরনের সংকট থেকে অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। তবে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না এবং রাজস্ব আহরণও বাড়ছে না। তাই এই বিষয়গুলোকে আগামী ছয় মাস ও নতুন সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি আরও জানান, গত এক বছরে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ব্যাংক খাতের সংস্কার অন্যতম। এর ফলে রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভালো অবস্থায় রয়েছে এবং পতন রোধ করা গেছে।
নির্বাহী পরিচালক বলেন, বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে, যা কাটিয়ে উঠতে হবে। যদিও অন্তর্বর্তী সরকারের সময় নতুন দেশি ও বিদেশি বিনিয়োগ আসা সম্ভব নয়, কিন্তু বিনিয়োগের পরিবেশ তৈরি করলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারের জন্য তা সুবিধাজনক হবে।
তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে জানি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী পাঁচ-ছয় মাসে নতুন করে সংস্কার কার্যক্রম কতটা বাস্তবায়িত হবে বা সুপারিশমালা কতটা অনুসরণ করা হবে, তা বলা কঠিন। এখন পর্যন্ত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো ধীরগতিতে নেওয়া হয়েছে।
সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরসহ বিভিন্ন দলের নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ