যুক্তরাষ্ট্র থেকে দুই বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি (ডেডওয়েট টন) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষঙ্গিক সেবা ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ হয়। পরবর্তীতে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন ডলারে জাহাজগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬.৬৯৮ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে জাহাজগুলো ক্রয় করবে।
এদিন অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপন নির্মাণ)–এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।
ভোরের আকাশ//হ.র