সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই ছেলে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে আবেদন জমা দেন। দুদকের আবেদনে বলা হয়—তাপস ও তার পরিবারের নামে থাকা এ এসব ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তাপসের অর্জিত সম্পদের পূর্ণ হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তে এখন পর্যন্ত তার নিজের নামে এবং পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব টাকা যেন স্থানান্তর, হস্তান্তর বা অন্য কোনোভাবে অপসারণ করা না যায়, সে কারণে আদালতের অনুমতি চাওয়া হয়।
দুদকের মতে, তাপস ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই চলতি বছরের ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভোরের আকাশ/এসএইচ