কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ, ব্যারিস্টার জিয়াউর রহমান।
অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
এর আগে, গত ২ সেপ্টেম্বর সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভোরের আকাশ/এসএইচ