জেলে থেকেই নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কারাগার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রোববার (১২ এপ্রিল) নির্বাচনের ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়েছে। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ এই আবেদনটি জমা দেন।
আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ রোববার ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।
আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনী ফরমে তার স্বাক্ষর নেয়ার জন্য জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন।
ভোরের আকাশ/আ.র