তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় দুই দফা রিমান্ড শেষে তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৬ নভেম্বর) দুই দফার রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।’
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দিশাকে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দিশা জানান, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতের বেলা উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান।
এর আগে সন্ধ্যায় একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ সাউরি ও দিশা একসঙ্গে যায়। দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ একসঙ্গে ছিলেন এবং বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেছেন বলে জানান।
গত ২৮ অক্টোবর তাহসিফ সাউরির ভাসমান লাশ তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।
ভোরের আকাশ/আ.র