অধস্তন আদালতের বার্ষিক ছুটিতে পরিবর্তন

অধস্তন আদালতের বিচারকদের বার্ষিক ছুটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে আর একটানা ছুটি থাকবে না। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ও জুন—এই দুই মাসে ভাগ করে মোট এক মাসের অবকাশকালীন ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা।
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন ছুটির সূচি কার্যকর হবে।
এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে বলে জানানো হয়। এরইমধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্টের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এনএস