রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক চার্জশিট দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি অনলাইন বৈঠকে শেখ হাসিনাসহ কয়েকজন অংশ নেন। বৈঠকে তিনি দেশবিরোধী বক্তব্য প্রদান ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। ওই বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ মামলাটি চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনকে আসামি করে দায়ের করা হয়। তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে ২৮৬ জন করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।
ভোরের আকাশ/হ.র