মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি শপথ অবৈধ ঘোষণার জন্য হাইকোর্টে রিট

দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণকে অবৈধ ঘোষণা করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আরও দাবি করা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ‘নীরব ভূমিকা’ পালন করার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চালানোর প্রয়োজন।
সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে ওই আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও ওই আইনি নোটিশে উল্লেখ করা হয়।
ভোরের আকাশ/এনএস