বিশ্বকাপ উন্মাদনায় ১১ মৃত্যু, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট

২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা, জনদুর্ভোগ ও তীব্র শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম এ রিট দায়ের করেন।
রিটে বিশ্বকাপ উদযাপনের সময় আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপ উন্মাদনাকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাত পর্যন্ত আতশবাজি ও উচ্চ শব্দে উদযাপনের কারণে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় অন্তত ১১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে প্রাণ হারান।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেখানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেখানে নিরাপত্তা নিশ্চিতে ডিবি নজরদারি করবে।
এদিকে, কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক মো. শরিফুল ইসলাম (৩২) নিহত হওয়ার ঘটনাও বিশ্বকাপ-সংশ্লিষ্ট সহিংসতার তালিকায় যুক্ত হয়েছে।
ভোরের আকাশ/এনএ