সাইফুজ্জামান দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর
২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এ আবেদন মঞ্জুর করেন।
সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালতে গত ১৮ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে এই আবেদন করা হয়।
এ বিষয়ে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি ২১ সেপ্টেম্বর শুনানির জন্য ধার্য করেছেন।
এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স।
এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।
ভোরের আকাশ/এসএইচ