হাইকোর্টের সামনে খণ্ডিত লাশ: দুই আসামি ৫ দিনের রিমান্ডে

রাজধানীর জাতীয় ঈদগাহ গেটের কাছে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনার গ্রেফতার জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাদের কিছু বলার আছে কিনা জানতে চাইলে কিছু বলার নেই বলে জানান আসামিরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট এলাকার সামনে ড্রামে পাওয়া যায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) ২৬ টুকরা মরদেহ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মূলহোতা নিহতের বন্ধু জরেজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর আশরাফুল ও জরেজের পরিচিত শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। ২৬ টুকরা লাশের প্রথমে পরিচয় পাওয়া না গেলেও আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে পরিচয় শনাক্ত করা হয়।
জানা যায়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা করেন আশরাফুলের বোন।
ভোরের আকাশ/এসএইচ