ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯-৩০ এপ্রিল

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ঢাকা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণ করা হবে ৫, ৬ ও ৭ এপ্রিল।
মনোনয়নপত্র বাছাই হবে ৮ এপ্রিল। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রার্থী পরিচিতি সভা হবে ২৬ এপ্রিল।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন।
এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই বছরের ১৩ আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
ভোরের আকাশ/আ.র