দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা- একথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না।
বিচারক মানেই সৎ উল্লেখ করে তিনি আরও বলেন, যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার "কমন মেসেজ"।'
দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'যদি কেউ মনে করেন যে দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।'
ভোরের আকাশ/এসএইচ