অনশনে ৮ কেজি ওজন কমেছে, তবু অনড় ককরোচ পার্টির সোনম

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে থাকা প্রকৌশলী, শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। টানা ১৬ দিনের অনশনে তার ওজন কমেছে ৮ দশমিক ২ কেজি। তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী ওয়াংচুক বলেন, "বাইরে থেকে আমি দুর্বল, কিন্তু ভেতর থেকে আমি শক্ত।"
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, তার রক্তচাপ নেমে এসেছে ১০৭/৭০-এ এবং রক্তে শর্করার মাত্রা ৬৭-এ। চিকিৎসকেরা তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমর্থকদের অনশন ভাঙার আহ্বানও তিনি প্রত্যাখ্যান করেছেন।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অনলাইন ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের দাবি, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গত ২৯ জুন অনশন শুরু করেন ওয়াংচুক। নিজেকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের অনুসারী উল্লেখ করে তিনি বলেন, অনশনের মাধ্যমে সরকারের বিবেককে নাড়া দিতেই তার এই কর্মসূচি।
লাদাখের পরিচিত জননেতা সোনম ওয়াংচুক কৃত্রিম হিমবাহ ‘আইস স্তূপ’ উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০১৮ সালে তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেন। জনপ্রিয় বলিউড চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রের অনুপ্রেরণাও ছিলেন তিনি।
আন্দোলনের উদ্যোক্তা অভিজিৎ দিপকে জানিয়েছেন, ওয়াংচুকের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকেরা অনশন বন্ধের পরামর্শ দিলেও তিনি সিদ্ধান্তে অনড় রয়েছেন।
এদিকে আন্দোলনের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, সমাজকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে এখনো আলোচনার কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
সরকারের সঙ্গে আলোচনা না হওয়ায় আগামী ২০ জুলাই, ভারতের পার্লামেন্ট অধিবেশন শুরুর দিন সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি।
সূত্র: বিবিসি
ভোরের আকাশ/এনএ