ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার রাজনৈতিক সংঘাত এখন চরম কূটনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সম্প্রতি ব্রাজিল সরকার দুই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানালে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিসা বাতিল হলেও এর অর্থ ব্রাজিলীয় রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। এটিকে একটি সাধারণ ‘পারস্পরিক কূটনৈতিক প্রতিক্রিয়া’ হিসেবে দেখছে ওয়াশিংটন।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, বিষয়টি সমাধানের জন্য আমরা টানা কয়েক সপ্তাহ ধরে ব্রাজিল সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি এবং তাদের সুযোগ দিয়েছি। কিন্তু তারা বারবার বিষয়টি এড়িয়ে গেছে ও বিলম্ব ঘটিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই ভূমিকাকে সরাসরি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লুলা জানান, মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার যে যুক্তি যুক্তরাষ্ট্র দিচ্ছে, তা সম্পূর্ণ ‘মিথ্যা’।
লুলা প্রশাসন অভিযোগ করেছে, ওয়াশিংটন ব্রাজিলের আসন্ন নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংকটের সূত্রপাত জুলাইয়ে, যখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—রাইলি এম বার্নস ও স্যামুয়েল স্যামসন ব্রাজিলে সফরের ঘোষণা দেন। সফরসূচিতে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার আলোচনার পাশাপাশি ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সঙ্গে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের বন্দি সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। সম্প্রতি তিনি ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন এবং সিআইএ-র তথ্যের অজুহাত দেন।
তবে দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালত ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তার এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির আশঙ্কায় ব্রাজিল সরকার ওই দুই মার্কিন কর্মকর্তার ভিসা আটকে দেয়।
ভোরের আকাশ/এসএইচ