কাতারে পুনরায় চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

মধ্যপ্রাচ্যের দেশ কাতার আবারও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ ধীরে ধীরে পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
সোমবার কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কিউসিএএ) জানায়, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে। সংশ্লিষ্ট জাতীয় সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ নিরাপত্তা ও পরিচালন দক্ষতা নিশ্চিত করেই সব ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী ও এভিয়েশন কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই পুনরায় চালুর প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং শুরুতে সীমিত কিছু এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হবে।
এর আগে আঞ্চলিক উত্তেজনার কারণে কাতারের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করা হয়েছিল। এতে দোহা হয়ে পরিচালিত অনেক এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।
কাতার কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
ভোরের আকাশ/সু.পা