তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে রাজধানী তিউনিসে হাজার হাজার মানুষ রাজপথে নেমে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, বিভিন্ন নাগরিক সমাজ এবং প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে এই বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়. একে গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে সবচেয়ে বড় গণবিক্ষোভ হিসেবে অভিহিত করা হচ্ছে।
গণমিছিলে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি বিক্ষোভ মিছিল শেষে মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে আয়োজিত এক সমাবেশে বলেন, সরকার যদি আলোচনার পথ বন্ধ করে দেয়, তবে রাজপথ এবং চত্বরগুলোই হবে প্রতিবাদের মূল মঞ্চ। তিউনিসিয়ার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সালমি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিউনিসিয়াকে কোনো একজন ব্যক্তির শাসনে চলতে দেওয়া যায় না। এমন একটি সরকারের হাতে দেশ ছেড়ে দেওয়া যায় না, যারা জনগণের কথা শোনে না।
বিক্ষোভে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনির জেলাসি। আন্দোলনে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে এবং মৌলিক স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। একইসঙ্গে চলমান অর্থনৈতিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনভাবে বাড়ছে যে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবন যাপন করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ভোরের আকাশ/আ.র