মরক্কোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে মরক্কোর সামরিক বাহিনী রয়েল আর্মড ফোর্স এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে মরক্কোর উত্তরাঞ্চলের ফেজ-সাইস বিমানবন্দরে। বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি আলফা জেট ট্রেইনার, যা বিমান বাহিনীর নবীন পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন দুই নবীন কর্মকর্তা।
বিমানটি উড্ডয়নের সময় কোনো সমস্যা দেখা না গেলেও অবতরণের মুহূর্তে রানওয়ে স্পর্শ করার আগেই এটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই পাইলট ও সহ-পাইলট প্রাণ হারান।
রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, দুর্ঘটনার সময় অন্য কেউ হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক একটি দুঃখজনক ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। গত ২১ জুলাই ঢাকার উত্তরা এলাকায় একটি স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই ঘটনায় বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩৪ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র