স্পেন যাওয়ার পথে আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

ইউরোপে উন্নত জীবনের আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগাল উপকূলে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র একজনকে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৯ নভেম্বর) সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাজধানী ডাকার ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলোর সবাই সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তরুণদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডারসের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই পথে অন্তত ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের হিসাবে, এই রুটে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জন প্রাণ হারান।
এদিকে অভিবাসীদের ক্রমবর্ধমান আগমনের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। এর আগে গত শুক্রবার স্পেনের উদ্দেশে যাত্রা করা ১৪২ জন অভিবাসীকে বহনকারী আরেকটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের সংকট, পারিবারিক চাপ এবং বিদেশে উন্নত জীবনের প্রত্যাশা সেনেগালের তরুণদের বিপজ্জনক সমুদ্রপথে যাত্রায় উৎসাহিত করছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতি চার তরুণের একজন বেকার ছিলেন। এই পরিস্থিতি মোকাবিলায় মানবপাচার ও অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সেনেগাল সরকার।
ভোরের আকাশ/আ.র