ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে : পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রশ্ন তুলেছেন, “ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?”
রোববার (১৯ এপ্রিল) দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের পারমাণবিক অধিকার নিয়ে মন্তব্য করছেন, কিন্তু কেন ইরানকে এই অধিকার ব্যবহার করতে দেওয়া যাবে না—তার কোনো যুক্তিসংগত ব্যাখ্যা তিনি দেন না। তিনি বলেন, একটি দেশকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। তার দাবি, ইরান কখনো অন্য দেশে হামলা করেনি এবং ভবিষ্যতেও করবে না, বরং অতীতে হামলার শিকার হয়েছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।
এদিকে পাকিস্তানের সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী শুক্রবারের আগেই আলোচনার একটি দফা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রগুলো জানিয়েছে, ইসলামাবাদের কাছে নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ বিমান অবতরণ এবং রেড জোন এলাকায় নিরাপত্তা জোরদার করার মতো কিছু প্রস্তুতি কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিচ্ছে।
এছাড়া ইসলামাবাদের কিছু গুরুত্বপূর্ণ হোটেল সাময়িকভাবে খালি করা হয়েছে বলেও জানা গেছে, যা উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এর আগেও গত ১১ এপ্রিল ইসলামাবাদের একটি হোটেলে দুই দেশের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, তবে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আবারও গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়ে নিয়ে গেছে।
ভোরের আকাশ/সু.পা