ইরান-ইউক্রেন সংকট একসঙ্গে সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হতে পারে বলে তিনি মনে করেন। বুধবার (২৯ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলোচনার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেইটলান কলিন্স। তিনি ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র-ইরান ও রাশিয়া-ইউক্রেন—এই দুই যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হতে পারে।
জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, দুই যুদ্ধই একই সময়ে শেষ হতে পারে।” তিনি আরও দাবি করেন, সামরিক দিক থেকে ইউক্রেন ইতোমধ্যে দুর্বল অবস্থানে রয়েছে।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির নৌ-সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, ইরানের বহু যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে, ফলে তাদের পক্ষে নৌযুদ্ধে ফিরে আসা কঠিন হয়ে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান অবস্থায় ইরান কতটা কার্যকর সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে। প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে।
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। দীর্ঘদিনের উত্তেজনার পর ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলমান।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে তার ফোনালাপের বড় অংশজুড়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইরানের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় এসেছে। তিনি বলেন, “আমার মনে হয়, খুব শিগগিরই আমরা এমন একটি সমাধান দেখতে পাব, যা সত্যিই ভালো হবে।”
ভোরের আকাশ/সু.পা