সৌদিতে বিদেশিদের জন্য বড় সুখবর: বাড়ি কেনা যাবে মক্কা-মদিনাতেও

বিদেশিদের জন্য রিয়েল এস্টেট খাতে বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি সরকার। দেশটির নতুন আইনে এখন থেকে বিদেশিরা সৌদিতে বাড়ি কিনতে পারবেন—এমনকি পবিত্র নগরী মক্কা ও মদিনাতেও নির্দিষ্ট শর্তে সম্পত্তির মালিক হওয়া যাবে।
মিডল ইস্ট আই বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব সরকার বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার আইন অনুমোদন করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।
এই বহুল প্রতীক্ষিত আইনটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে গৃহীত হয়েছে, যার লক্ষ্য হচ্ছে দেশটির অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের অধীনে বিদেশিরা রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন নির্ধারিত এলাকায় রিয়েল এস্টেট কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা পেতে হলে নির্দিষ্ট বিশেষ শর্ত পূরণ করতে হবে। কী ধরনের শর্ত আরোপ করা হবে, তা শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।
এ ঘোষণার পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে তাৎক্ষণিক প্রভাব পড়ে। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারমূল্য বৃদ্ধি পেতে শুরু করে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সৌদির আবাসন ও নির্মাণ শিল্পে নতুন গতি এনে দেবে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য নতুন দরজা খুলে দেবে।
ভোরের আকাশ//হ.র