কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বিমান চলাচল বন্ধ ঘোষণা

ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ায় বিমানবন্দরটিতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান এ হামলাকে ‘অপরাধমূলক ইরানি আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, ড্রোন হামলার ফলে টার্মিনাল ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আহতদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তিনি বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি আগত ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ টার্মিনাল-১ ইরানি হামলার শিকার হয়ে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। দেশটির দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে কুয়েতও ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, কুয়েত তার ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে সহায়তা করছে।
ভোরের আকাশ/সু.পা