বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, বন্ধ ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে অনেক বিক্ষোভকারী সড়কে বসে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, সংসদ ভবনসংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। এছাড়া সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণে মোবাইল ও ইন্টারনেট সংযোগও ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন হওয়ায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, সংসদ ভবনের দিকে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি। তবুও সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরে তারা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোরের আকাশ/এনএ