ইরানের সামরিক ও যোগাযোগ স্থাপনায় মার্কিন হামলা

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে দেশটির বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, টানা দশম রাতের মতো পরিচালিত এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিহত তিন মার্কিন সেনার মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর এই হামলা চালানো হয়। ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনা হত্যার জন্য দেশটিকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নিহত মার্কিন সেনাদের স্মরণে আগের রাতে ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ‘অত্যন্ত কঠোর’ হামলা চালানো হয়েছে। নিহত তিন সেনার মধ্যে দুজন জর্ডানে এবং একজন ইরাকে প্রাণ হারান।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ পরিস্থিতির মধ্যে রয়েছে।
তবে সংঘাত চললেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গভীর রাতে তারা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এর আগে কুয়েতের সশস্ত্র বাহিনীও দাবি করে, তারা ইরানের ছোড়া কয়েকটি ড্রোন প্রতিহত করেছে।
বাহরাইন জানিয়েছে, ইরানের উৎক্ষেপণ করা ড্রোন তাদের আকাশপথের নেভিগেশন ব্যবস্থাকে লক্ষ্য করেছিল। তবে এ ঘটনায় দেশটির বিমান চলাচলে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিসহ কয়েকটি শহর লক্ষ্যবস্তু হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ট্যাংকার দুটি প্রণালীর একটি ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ পথ’ ব্যবহার করছিল এবং বিস্ফোরণের পর সেগুলো থেমে যায়।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংঘাত ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সূত্র : বিবিসি
ভোরের আকাশ/সু.পা