লেবানন–ইজরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, এই সময়ের মধ্যে দুই দেশের প্রতিনিধিরা হোয়াইট হাউসে বসে আলোচনায় অংশ নিতে পারেন। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন তিনি।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত মিশেল ইসা।
ট্রাম্প আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সরাসরি বৈঠকে বসতে পারেন।
তবে তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না যদি ইরান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ না করে। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লার থেকে নিজেদের রক্ষায় লেবাননকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র কাজ করবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের পর লেবাননের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইজরায়েল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ওই হামলার প্রতিবাদে পাল্টা আক্রমণ চালায়। এতে ইজরায়েলও লেবাননে ব্যাপক হামলা চালায়, যেখানে বহু সাধারণ মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই প্রায় ১০ দিন আগে লেবানন ও ইজরায়েলের মধ্যে প্রথম দফার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
ভোরের আকাশ/সু.পা