ভারত শুল্ক দিয়ে আমাদের ‘হত্যা’ করেছে: ট্রাম্প

ভারতের শুল্ক নীতি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেছেন, “চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করছে, আর ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দ্য স্কট জেনিংস রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত ও ব্রাজিলও একইভাবে আমাদের বিরুদ্ধে শুল্ক চাপিয়ে যাচ্ছে। তবে কর বিষয়ে আমি সবার চেয়ে ভালো জানি। যুক্তরাষ্ট্র কর আরোপ করার পরই ভারত শুল্ক কমাতে শুরু করেছে।”
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কই ভারতকে এমন প্রস্তাব দিতে বাধ্য করেছে। তার ভাষায়, “আমার শুল্ক না থাকলে তারা কখনোই এমন প্রস্তাব দিত না। তাই শুল্ক আরোপ করা জরুরি। এতে আমেরিকা আরও শক্তিশালী হবে।”
এ সময় ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্কারোপকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, নয়াদিল্লি ওয়াশিংটনকে জানিয়েছে, ভবিষ্যতে আর কোনো শুল্ক আরোপ করবে না। তবে তিনি এটিকে অনেক দেরিতে আসা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
শুল্ক ইস্যুতে ট্রাম্পের বক্তব্য নতুন নয়। এর আগের দিনও তিনি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে “একপাক্ষিক বিপর্যয়” আখ্যা দেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সম্প্রতি ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। তবে ট্রাম্প নিজ দলের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আদালতের এই রায় ভুল এবং শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত। নয়াদিল্লি এই শুল্ককে “অন্যায্য ও অযৌক্তিক” বলে অভিহিত করেছে।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ//হ.র