সৌদিতে শ্রম ও আবাসন আইন ভঙ্গে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

সৌদি আরবে এক সপ্তাহব্যাপী দেশজুড়ে পরিচালিত অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তা করার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
এ ছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জন আইন লঙ্ঘনকারীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা