গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ না নিলে, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৯ জুলাই) এক জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর এমন ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।
বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, যুদ্ধবিরতি নিশ্চিতকরণ, পশ্চিমতীরে অধিকৃত ভূমি দখল বন্ধ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি না পেলে, তার সরকার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
স্টার্মার বলেন, “আমাদের লক্ষ্য—একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।”
তিনি আরও জানান, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে এক করে দেখছেন না। বরং তিনি হামাসকে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে আহ্বান জানান। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “যুদ্ধ শেষে হামাস গাজার শাসন কাঠামোয় কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারবে না।”
এর আগে, ফ্রান্সও ঘোষণা দিয়েছিল যে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করেছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, সেপ্টেম্বরে ফিলিস্তিন পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
ভোরের আকাশ//হ.র