যুদ্ধ অবসানে ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প

চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের সেই জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এই জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে, যারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে এবং মোটামুটিভাবে সব পক্ষ তা মেনে চলছে।
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি সরিয়ে না ফেলা পর্যন্ত সংঘাতের সমাপ্তি সম্ভব নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখনও এমন কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো ভেঙে ফেলতে হবে।”
অন্যদিকে রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি ওই প্রস্তাবের কথা উল্লেখ না করলেও বলেন, “আমরা কখনোই শত্রুর সামনে মাথা নত করবো না। আর যদি সংলাপ বা আলোচনার কথা ওঠে, তা আত্মসমর্পণ বা পিছু হটা নয়।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক পৃষ্ঠার ১৪ দফা স্মারকে ইরানকে ঘিরে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দুই কর্মকর্তা এবং আরও দুই অজ্ঞাত সূত্র জানিয়েছেন, স্মারকের অনেক শর্তই চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল থাকবে।
ভোরের আকাশ/সু.পা