মালয়েশিয়ায় এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। তিনি জানান, ১৬০ জন কর্মকর্তার একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করে, যাদের মধ্যে ২৫৪ জন স্থানীয় নাগরিক। এ ছাড়া তারা ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালায়।
আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতের ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে। আটক অভিবাসীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। বাসরি ওথমান বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ভিসা আইন লঙ্ঘন এবং বৈধ পরিচয়পত্র না রাখার মতো অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক এড়াতে কিছু অভিবাসী দোকানের ক্রেতা সেজে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যান। বর্তমানে আটক সবাইকে সেলানগোরের বারানাং এলাকার অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ সাত ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযানে ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ায় প্রবেশের সময় নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই অভিযানে প্রায় ৪০০ জন যাত্রীর ভিসা ও পরিচয় যাচাই করে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে
ভোরের আকাশ//হ.র