পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার, মানবপাচারের সন্দেহ

পাকিস্তান-ইরান সীমান্ত অতিক্রমের সময় ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার (২৪ জুলাই) বেলুচিস্তানের তাফরান এলাকায় একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পাক সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, আটককৃত বাংলাদেশিরা মাসকিল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। চাগাই বিভাগের নির্জন এই অঞ্চল দিয়ে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে।
সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গত জুন ও চলতি জুলাই মাসে বৈধ পথে পাকিস্তানে প্রবেশ করেন। তবে পরবর্তী সময়ে তারা কোনো অনুমতিপত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই দলবদ্ধভাবে ইরান অভিমুখে যাত্রা শুরু করেন।
অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হলে সবাইকে সেখানেই গ্রেপ্তার করা হয়। পরে তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তিদের সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন, যারা এই সীমান্ত অঞ্চল ব্যবহার করে অবৈধ পথে মানুষ পাচার করে।”
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: সামা টিভি
ভোরের আকাশ//হ.র