দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরছেন বিতর্কিত তসলিমা নাসরিন

দীর্ঘ ১৯ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, একাধিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, তসলিমা নাসরিনের কলকাতায় আসতে কোনো আইনি বাধা নেই। তিনি জানান, দীর্ঘদিন পর নতুন রাজনৈতিক পরিবেশে তাকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানে তসলিমা নাসরিনের লেখা কবিতা ও গান নিয়ে পরিবেশনা হবে। একই সঙ্গে তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে।
আয়োজক সংগঠন সেক্যুলার মিশন-এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তসলিমা নাসরিন আবার কলকাতায় ফিরছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতি হলে তৎকালীন বামফ্রন্ট সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তাকে কলকাতা ছাড়তে হয়। পরবর্তী তৃণমূল সরকার আমলেও তিনি আর কলকাতায় ফিরতে পারেননি। প্রায় দুই দশক পর আবারও শহরটিতে ফিরছেন এই বিতর্কিত লেখিকা।
ভোরের আকাশ/এনএ