কিউআর কোড ছাড়া নেন না ভিক্ষা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল কৌতূহল

প্রযুক্তির অগ্রগতির ছোঁয়া এবার পৌঁছে গেছে ভিক্ষাবৃত্তিতেও। নগদ অর্থ না নিয়ে কিউআর (QR) কোড স্ক্যান করে অনলাইনে অনুদান গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, চীন সফরে যাওয়া এক ভারতীয় ট্রাভেল ভ্লগারের সঙ্গে রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুকের দেখা হয়। ভিক্ষুকের গলায় ঝোলানো ছিল একটি কিউআর কোড। ভ্লগার নগদ অর্থ দেওয়ার পরিবর্তে মোবাইল ফোন দিয়ে কিউআর কোডটি স্ক্যান করে ১ ইউয়ান অনলাইনে পাঠান। অর্থ পাওয়ার পর বৃদ্ধ হাসিমুখে সেখান থেকে চলে যান।
পরে ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানান। অনেকেই একে ডিজিটাল প্রযুক্তির নতুন ব্যবহার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন।
ভিডিওটি ‘OnRoadIndian’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভ্লগারের দাবি, ভিক্ষুকের কিউআর কোডটি ব্যক্তিগত ব্যাংক বা ডিজিটাল ওয়ালেটের পরিবর্তে একটি ব্যবসায়িক (মার্চেন্ট) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ছিল, যা তাকে আরও অবাক করেছে।
তবে ভিডিওটি চীনের বলে দাবি করা হলেও এতে উপস্থাপিত তথ্য ও দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনন্দবাজার।
ভোরের আকাশ/এনএ