তেলের বাজারে অস্থিরতার কারণে জ্বালানি কর কমাল ভারত

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি তেলের ওপর কর হ্রাস করেছে ভারত। একই সঙ্গে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও এভিয়েশন ফুয়েল রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রল ও ডিজেলের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক কমানো হয়েছে। মূল্যবৃদ্ধি থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ রুপি করে কমানো হয়েছে।
এছাড়া ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (জেট ফুয়েল) রপ্তানির ওপর প্রতি লিটারে যথাক্রমে ২১ দশমিক ৫ এবং ২৯ দশমিক ৫ রুপি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পণ্যগুলোর পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করবে।
ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৮৫ শতাংশেরও বেশি আমদানি করে। পরিমাণের দিক থেকে দেশটিতে সবচেয়ে বেশি সরবরাহ করে রাশিয়া। ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় নয়াদিল্লির প্রশাসন চাপের মুখে পড়েছে।
সরকারি কর্মকর্তারা সরবরাহ স্থিতিশীল থাকার বিষয়ে আশ্বস্ত করছেন। কিন্তু তারপরও সংকটের আশঙ্কায় পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ সারি ও হুড়োহুড়ি দেখা যাচ্ছে। ঘাটতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে।
ভোরের আকাশ/এনএস