হুথিদের ঘাঁটিতে সৌদির ৫৮ বিমান হামলা

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব। শনিবার রাত থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। তাদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াহিয়া সারী বলেন, গত ২৪ ঘণ্টায় ‘সৌদি শত্রুরা’ ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে।
হুথিপন্থি ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা, মোনাব্বিহ জেলা ও আল-জৌফ প্রদেশে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এই তিন এলাকাই হুথি বাহিনীর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
এর আগে ১২ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথিরা। এর পাল্টা জবাব হিসেবেই সৌদি বিমানবাহিনী এসব অভিযান পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র হয়েছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথি যোদ্ধারা।
বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব নিজেদের জ্বালানি তেল রপ্তানিতে বিকল্প এই সমুদ্রপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের আগ পর্যন্ত সৌদি বিমানবাহিনী ১৩০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীও উত্তর ইয়েমেন ও রাজধানী সানাকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে অভিযান শুরু করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র ইয়েমেনে সাম্প্রতিক বিমান অভিযান নিয়ে মন্তব্য করেননি।
তবে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বিমান অভিযানগুলো এখন পর্যন্ত মূলত সম্মুখসারিতে থাকা ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। রাজধানী সানাসহ হুথিদের ক্ষমতার মূল কেন্দ্রগুলো এখনো বড় ধরনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংঘাত দীর্ঘদিনের। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সালে ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করে। এরপর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান।
তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সাল থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের একটি বড় অংশ হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশ নিয়ন্ত্রণ করছে সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে এই সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। সূত্র : এএফপি
ভোরের আকাশ/সু.পা