পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধের ঘোষণা

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার ধর্ম ও শ্রেণিভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তৃণমূল কংগ্রেস আমলে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য বরাদ্দ ভাতা আগামী মাস থেকে আর কার্যকর থাকবে না।
সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, চলতি মে মাস পর্যন্ত সুবিধাগুলো চালু থাকলেও আগামী ১ জুন থেকে সংশ্লিষ্ট সব প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে দুর্গাপূজার অনুদান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মভিত্তিক যে সহায়তা প্রকল্পগুলো চালু ছিল, সেগুলো বাতিল করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া তৃণমূল সরকারের আমলে এসব ভাতা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছিল কি না, তা তদন্তে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
দীর্ঘদিন ধরেই বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভাতা প্রদানকে ‘তোষণের রাজনীতি’ বলে সমালোচনা করে আসছিল। বিজেপির অভিযোগ ছিল, এসব প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সরকার গঠনের মাত্র নয় দিনের মাথায় সেই প্রকল্পগুলো বন্ধের সিদ্ধান্ত নিল নতুন সরকার।
তবে ভাতা প্রকল্প বন্ধের পাশাপাশি নতুন উদ্যোগও ঘোষণা করেছে সরকার। অগ্নিমিত্রা পাল জানান, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী ছিলেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।
তিনি আরও বলেন, যারা এতদিন এই সুবিধার বাইরে ছিলেন, তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। এ জন্য খুব শিগগিরই আবেদন পোর্টাল চালু করা হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
ভোরের আকাশ/সু.পা