যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা দেবে তালেবান

ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসলামিক রিপাবলিক অব ইরানকে তালেবান সহায়তা ও সমর্থন দেবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
রেডিও ইরানের পশতু ভাষার পরিষেবাকে রবিবার দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর, জেরুজালেম পোস্ট।
মুজাহিদ বলেন, প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠী স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে।
তালেবানের বার্তা হলো, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না। বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ ও চলমান আলোচনার মাধ্যমে সমাধান দেখতে চায় তারা।
মুজাহিদ আরো দাবি করেন, জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান ‘জয়ী’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান ‘আবারো জয়ী হবে’।
তার ভাষায়, ইরান ‘আবারো জয়ী হতে সক্ষম’, কারণ দেশটির সক্ষমতা রয়েছে, তারা ন্যায়ের পক্ষে এবং আত্মরক্ষার অধিকার তাদের আছে।
এর আগে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা, সামরিক নেতৃত্ব ও অন্যান্য কৌশলগত স্থাপনায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল তালেবান।
ভোরের আকাশ/নি. ব