আরও একটি যুদ্ধবিমান হারাল ভারত

চলতি মাসের শুরুতে একটি দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) আরেকটি এইচএএল তেজাস যুদ্ধবিমান হারিয়েছে। ইন্ডিয়া টুডে এ বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অবতরণের সময় যুদ্ধবিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।
প্রাথমিক প্রতিবেদনে যুদ্ধবিমানের কারিগরি ত্রুটির বিষয়টি সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে অন্যান্য প্রতিবেদনে অবতরণ করার পরে ব্রেক ব্যর্থতার কথাও বলা হয়েছে। এর ফলে রানওয়ে হতে বের হয়ে যায় বিমানটি, তখন এ যুদ্ধবিমানের ফ্রেমে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি অপারেশনাল বা ফরোয়ার্ড বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের পরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী তাদের প্রায় ৩০টি একক আসনের তেজাস বিমানের বহর গ্রাউন্ডেড করেছে, যাতে নিবিড় প্রযুক্তিগত পরীক্ষা এবং নিরাপত্তা বিষয়ক তদন্ত করা যায়।
এটি তৃতীয় তেজাস বিমান যেটি দুর্ঘটনার শিকার হলো। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে জয়সলমেরের কাছে প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল। ওই সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।
২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ারশোতে একটি অ্যারোবেটিক প্রদর্শনের সময় ভারতের তেজাস যুদ্ধবিমানের দ্বিতীয় দুর্ঘটনার খবর পাওয়া যায়। ওই সময় পাইলট নমাংশ সিয়াল নিরাপদে বেরিয়ে আসতে না পেরে মারা যান। সেই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেজাস এমকে-১এ প্রোগ্রামে বিলম্বের মধ্যে সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে। দেশটিতে ১৮০টি এমকে-১এ যুদ্ধবিমানের অর্ডার থাকা সত্ত্বেও ডেলিভারি নির্ধারিত সময়ের প্রায় দুই বছর পিছিয়ে রয়েছে।
ভোরের আকাশ/আ.র