ড্রোনের ধ্বংসাবশেষ থেকে রাশিয়ার তেল ডিপোতে অগ্নিকাণ্ড

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলের একটি তেল ডিপোতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পঞ্চম বছরে গড়ানোর প্রেক্ষাপটে মস্কোর প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়িয়েছে কিয়েভ।
ইউক্রেনের দাবি, তাদের বাহিনী মূলত সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এর উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে ক্রেমলিনকে বঞ্চিত করা।
ক্রাসনোদার ক্রাইয়ের ক্রাসনোআর্মেইস্ক জেলার প্রধান আলেক্সান্দর খারিতোনভ রাষ্ট্রীয় মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ এক পোস্টে জানান, একটি মানববিহীন আকাশযানের (ইউএভি) ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার পর পোলতাভস্কায়া তেল ডিপোতে আগুন লাগে।
এ ঘটনার কয়েক মিনিট পর ইউক্রেনের জরুরি সেবা বিভাগও জানায়, রাশিয়ার একটি হামলার ফলে একটি শিল্প স্থাপনায় আগুনের ঘটনা ঘটে। তবে পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চলমান যুদ্ধের মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় জ্বালানি ও শিল্প অবকাঠামো ক্রমেই বড় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা