গাজায় যুদ্ধবিরতির চুক্তির আহ্বান ট্রাম্পের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ জুন) সকালে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প এই বার্তার মাধ্যমে সরাসরি ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি স্পষ্টত বোঝাতে চেয়েছেন যে, গাজায় এখন একটি যুদ্ধবিরতি চুক্তি জরুরি।
এর আগে এক জিম্মির মা অভিযোগ করেছিলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনড় অবস্থানের কারণেই এখনো চুক্তি সম্পন্ন হচ্ছে না।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন একটি সময়ে ট্রাম্পের এই প্রকাশ্য আহ্বানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। সফরের আলোচ্যসূচি প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়েই আলোচনা হবে।
এর আগে গত শুক্রবার ট্রাম্প মন্তব্য করেছিলেন, “হামাস ও ইসরায়েলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।” এরপর থেকেই সম্ভাব্য সমঝোতার বিষয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।
ভোরের আকাশ//হ.র