কঙ্গোতে সেপ্টেম্বরে এডিএফের হামলায় নিহত ৭৭

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের মামবাসা অঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) হামলায় গত সেপ্টেম্বরে অন্তত ৭৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) প্রকাশিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বিয়াকাতো, বান্দিসেন্দে ও মামবাসা শহরের উপকণ্ঠে এসব হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বেসামরিক নাগরিকদের ধারালো অস্ত্র ও গুলিতে হত্যা করা হয়। এ সময় কয়েকজনকে অপহরণ এবং বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এ অঞ্চলে সশস্ত্র হামলা ও নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। ইবোলা প্রাদুর্ভাবে আগে থেকেই বিপর্যস্ত ইতুরি প্রদেশে সহিংসতা মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কঠিন করে তুলছে।
ভোরের আকাশ/এম