ঋণের কথা ভোলেননি, ৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ফেরত দিলেন টাকা!

৩৫ বছর আগে বন্ধুর কাছ থেকে নেওয়া সামান্য ঋণের কথা ভোলেননি ভারতের কেরালার বাসিন্দা ইসমাইল। দীর্ঘদিন পর সেই বন্ধুকে খুঁজে বের করে তিনি ১২০ সৌদি রিয়ালের ঋণ পরিশোধ করেছেন ২৫ হাজার ভারতীয় রুপি দিয়ে। তার এই মানবিক ও বিরল উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে কর্মরত অবস্থায় তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরির বাসিন্দা এডলা লাচান্নার সঙ্গে পরিচয় হয় ইসমাইলের। প্রবাসজীবনে একই বাসায় থাকতেন তারা। সেখান থেকেই গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।
একসময় ব্যক্তিগত প্রয়োজনে লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নেন ইসমাইল। সে সময় ওই অর্থের মূল্য ছিল প্রায় এক হাজার ভারতীয় রুপি। সুযোগ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
কিছুদিন পর লাচান্না ভারতে ফিরে গেলে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতা না থাকায় আর যোগাযোগ সম্ভব হয়নি। তবুও বন্ধুর কাছ থেকে নেওয়া ঋণের কথা ভুলে যাননি ইসমাইল।
সম্প্রতি পুরোনো সেই দেনা শোধ করার সিদ্ধান্ত নেন তিনি। বন্ধুর কোনো ঠিকানা বা ফোন নম্বর না থাকলেও শুধু ধর্মপুরি এলাকার নাম মনে ছিল। পরে অনলাইনে খোঁজ নিয়ে সেখানে যান এবং স্থানীয়দের সহায়তায় লাচান্নার পরিবারের সন্ধান পান।
তবে তখন লাচান্না আবারও উপসাগরীয় অঞ্চলে কর্মরত ছিলেন। ফলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দুজনের কথা হয়। এরপর ইসমাইল লাচান্নার পরিবারের হাতে ২৫ হাজার ভারতীয় রুপি তুলে দেন।
লাচান্না বলেন, ৩৫ বছর আগে দেওয়া ১২০ রিয়ালের বিনিময়ে ইসমাইল এত টাকা ফেরত দেবেন, তা কখনো কল্পনাও করেননি। তিনি জানান, প্রবাসজীবনে তারা একসঙ্গে রান্না করতেন, খেতেন এবং সুখ-দুঃখ ভাগাভাগি করতেন।
২৫ হাজার রুপির হিসাব কীভাবে করা হয়েছে, তা তিনি জানেন না। বন্ধুত্ব ও প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে এত বছর পরও ঋণ পরিশোধ করায় ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এনএ