জরুরি সহায়তার আহ্বান জাতিসংঘের
যুদ্ধে লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

যুদ্ধের কারণে লেবাননে বাস্তুচ্যুত হয়ে পড়েছে ১০ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বারহাম সালিহ দেশটিতে জরুরি ত্রাণ ও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন । খবর বিবিসির।
সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। বারহাম সালিহ এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর সালিহ বলেন, লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না; দেশটির প্রয়োজন সমর্থন ও স্থিতিশীলতা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ১০০ জনের বেশি মানুষ দেশটিতে নিহত হয়েছেন। ইসরায়েলর দাবী, লেবাননে তাদের অভিযান ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করা এবং সীমান্ত পেরিয়ে আসা রকেট হামলাসহ বিভিন্ন আক্রমণ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষার লক্ষ্যেই পরিচালিত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা